উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিক্ষক তথা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা রাজকুমার রায়ের মৃত্যু রহস্যের কিনারা করতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে পথে নামল বিজেপি শিক্ষা সেলের সদস্যরা। এদিন মালদা শহরের বাঁধরোড পুড়াটুলি এলাকার বিজেপি দলীয় কার্যালয় থেকে এক মৌন মিছিল বের হয়। এই মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে হাজির হয় জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে অতিরিক্ত জেলা শাসক আর.ভিমলার হাতে বিজেপি শিক্ষা সেলের তরফে বেশ কিছু দাবী জানান হয়। দাবি গুলির মধ্যে নিহত রাজকুমার রায়ের মৃত্যু রহস্যের তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে। সেই সঙ্গে পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হোক। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ মতো সমস্ত ক্ষতিপূরণ পরিবারের হাতে তুলে দেওয়া হোক।
এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের রাজ্য কমিটির সদস্য বিষ্ণুপদ রায় বলেন, এই ঘটনা খুবই দুঃখের। যার কারনে আজ তারা এই ঘটনার নিন্দা করা ও সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামী দিনে এমন ঘটনা যেন না ঘটে তাঁর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী সহ পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার দাবীতে তাদের এই মৌন মিছিল।